বিশ্ববাংলা
জাল পাসপোর্ট ও ভিসা তৈরির অভিযোগে বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট ও ভিসা তৈরির অভিযোগে এক বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি।
রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী জালান লেবুহ আম্পাংয়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে, জাল পাসপোর্ট অস্থায়ী কর্মসংস্থান পাস আইকার্ড এবং সিআইডিবি কার্ড উদ্ধার করে ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন বিভাগের গোয়েন্দারা।
কুয়ালালামপুর ইমিগ্রেশন প্রধান হামিদি এডাম জানান, আটক বাংলাদেশি একটি বেসরকারি কলেজের সাবেক ছাত্র এবং সে ৬ মাস যাবত মালয়েশিয়ায় অবস্থান করে বিভিন্ন বিদেশি শ্রমিকদের কাছে জাল পাসপোর্ট, ভিসার স্টিকার ও আইকার্ড সরবরাহ করে আসছে।
এছাড়াও চলতি বছরে মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জাল পাসপোর্ট-ভিসা তৈরির অভিযোগে একাধিক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।



