পলিথিন গলিয়ে বিশিষ্টজনের ভাস্কর্য তৈরি

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পরিবেশ দূষণকারী বস্তু পলিথিন গলিয়ে বঙ্গবন্ধু, মাদার তেঁরেসা, রবীন্দ্রনাথ, নজরুল, শেখ রাসেলসহ বিশিষ্টজনের ভাস্কর্য তৈরি করছেন ৭০ বছরের বৃদ্ধা এমিলিয়া রায়। জীবনের শেষ প্রান্তে এসে শেষ ইচ্ছা, নিজ হাতে তৈরী এসব ভাস্কর্য তুলে দিতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাহুৎ পাড়া গ্রামের ৫ সন্তানের জননী ৭০ বছরের বৃদ্ধা এমিলিয়া রায়। ছোটবেলা থেকেই ছবি আঁকা, কবিতা ও গান লিখতে ভালোবাসেন তিনি। অল্প বয়সে বিয়ে হওয়ায় লেখাপড়া থেমে গেলেও, থেমে যায়নি তার ইচ্ছা শক্তি। স্বামীর সংসারে এসে আবারো শুরু করেন ছবি আঁকা, কবিতা ও গান লেখা।
নানা গুনের অধিকারী এ নারী নিজের কল্পনা আর ইচ্ছা শক্তি দিয়ে সহজ উপায়ে এবং কম খরচে সৃষ্টিশীল কিছু কররার চেষ্টা করেন। আর তাই বেছে নিলেন, ফেলে দেয়া অপ্রয়োজনীয় পলিথিন।
বিভিন্ন মানুষের মাধ্যমে তা সংগ্রহ করে চুলোয় গলিয়ে শুরু করেন ভাস্কর্য তৈরির কাজ। ধীরে ধীরে তৈরি করেন বঙ্গবন্ধু, মাদার তেঁরেসা, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রাসেলসহ ছোট-বড় মিলিয়ে প্রায় হাজার রকমের ভাস্কর্য।
শারীরিক অসুস্থতায় হাঁটাচলা করতে ও কথা বলতে কষ্ট হলেও, মনের মাধুরি মিশিয়ে করে যাচ্ছেন তার শিল্পকর্ম তৈরির কাজ। আর তার অভিনব সৃষ্টি দেখতে ভীড় করছেন নানা শ্রেণি পেশার মানুষ।
সরকারী পৃষ্ঠপোষকতায় এই আবিষ্কারকে বাঁচিয়ে রেখে, নতুন কর্মসংস্থানের সুযোগ করা গেলে, দেশে নতুন এক সম্ভাবনার দার খুলবে বলে জানান, উদ্যোক্তা তার মেয়ে ভাস্কর্য শিল্পী আইরিন রায়।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর কাছে এসব শিল্পকর্ম তুলে দেয়ার ব্যাপারে আবেদন করলে, উর্দ্ধতন মহলে জানিয়ে ব্যবস্থা নেয়া হবে।
এমিলিয়া রায়ের এ দূর্লভ সৃষ্টিকে বাঁচিয়ে রাখতে এবং তার শেষ ইচ্ছা প্রধানমন্ত্রীর হাতে ভাস্কর্য তুলে দেয়ার ব্যাপারে প্রশাসন সার্বিক সহায়তা করবে এমন প্রত্যাশা সবার।
এফ এম নাজমুল, আগৈলঝাড়া প্রতিনিধি



