পরিচয় ভুলে যাওয়া বৃদ্ধার স্বজনদের খুঁজছে পুলিশ

বাংলা টিভি ডেস্ক: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর বাজার এলাকা থেকে উদ্ধার হওয়া পরিচয় ভুলে যাওয়া এক বৃদ্ধার পরিবারের সন্ধান চেয়েছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) দিনব্যাপী ঝিনাইগাতী সদর বাজার এলাকার ঘুরাঘুরি করতে থাকে। পরে স্থানীয় লোকজন ওই বৃদ্ধাকে অসহায় অবস্থায় দেখে মানবিক বিবেচনায় তারা বিষয়টি ঝিনাইগাতী থানায় অবগত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে আসে।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েজ অব ঝিনাইগাতী’র সভাপতি জাহিদুল হক মনির বলেন, বৃদ্ধার নাম আম্বিয়া খাতুন বলে জানা গেলেও তিনি নিজের ঠিকানা বা পরিবারের সদস্যদের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারছেন না। তিনি শুধু তার দুই ছেলে রাব্বি ও রনি বলে উল্লেখ করেছেন। বাড়ি কোথায় তার সঠিক তথ্য বলতে পারছেন না তিনি।
ঝিনাইগাতী থানা থেকে জানানো হয়েছে, যদি কোনো ব্যক্তি ওই বৃদ্ধাকে চিনে থাকেন অথবা তার পরিবার-পরিজনের বিষয়ে কোনো তথ্য জানেন, তাহলে ঝিনাইগাতী থানার এসআই কানাই লাল চক্রচর্তীর মোবাইল নম্বরে (০১৭১৬০৪৭১৪১) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর-মোহাম্মদ বলেন, বর্তমানে বৃদ্ধা থানা হেফাজতে রয়েছেন এবং তার স্বজনদের খুঁজে বের করার চেষ্টা চলছে।



