গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

বাংলা টিভি ডেস্ক: গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনাকে ঘিরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ছয়টি ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের লঞ্চঘাট গোলচত্বর এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে নেতাকর্মীদের বক্তব্য দেওয়ার সময় বক্তাদের পাশে দাঁড়ানো নিয়ে ঘোষেরচর গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা মোরসালিনের সঙ্গে চরমানিকদাহ গ্রামের বাসিন্দা ছাত্রলীগ নেতা শাকিলের ভাই সাজিদের ধাক্কাধাক্কি হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যার পর দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। গোপালগঞ্জ ক্রিকেট স্টেডিয়ামসংলগ্ন সড়কে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। এ সময় দুই পক্ষ থেকে প্রায় ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সিরাজুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘোষেরচর ও চরমানিকদাহ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের খবর তারা পেয়েছেন। তবে পুলিশ ঘটনাস্থলে যায়নি। পরে দুই পক্ষ নিজেরাই বিষয়টি মীমাংসা করেছে বলে শুনেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।



