দেলদুয়ার কমিউনিটি ক্লিনিকটি এখন পরিত্যক্ত ভবন

নির্মাণের বছর দশেক যেতে না যেতেই টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার টুকনিখোলা এলাকার দু’হাজার মানুষের স্বাস্থ্যসেবায় নির্মিত একটি মাত্র কমিউনিটি ক্লিনিক পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দীর্ঘদিন ধরে।
ভবনের বিভিন্ন অংশে ফাটল ও দেবে যাওয়ায় ভবনটি পরিনত হয়েছে ঝোপ-ঝাড় পোকামাকড়ের ঘর বসতি হিসেবে। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। দ্রুত এটি সংস্কারের দাবি স্থানীয়দের।
২০০৯ সালে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার টুকনিখোলা এলাকার দুই হাজার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠা করা হয় টুকনিখোলা কমিউনিটি ক্লিনিক। নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায়, আর সংস্কারের অভাবে নির্মাণের মাত্র দশ বছর পার হতেই ভবনে দেখা দিয়েছে ফাটল। আর ও ভিতরের মাটিও দেবে যাওয়ায় ক্লিনিকটি এখন পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
দীর্ঘদিন ধরে এখানে কোন কার্যক্রম না হওয়ায় নষ্ট হচ্ছে আসবাবপত্র ও চিকিৎসাকাজে ব্যবহৃত প্রয়োজনীয় সব উপকরণ। ঝুঁকিপূর্ণ ভবনের চারপাশে ময়লা,আর্বজনা আর জঙ্গলে ভরে যাওয়ায় এখন এটি পোকামাকড় আর সাপ-বিচ্চুর দখলে। এতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী।
এদিকে, বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, কমিউনিটি ক্লিনিকের কর্মচারীরা। তবে ক্লিনিকটি সংস্কারের ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিলেন, উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মিনহাজ উদ্দিন।
টুকনিখোলার দু’হাজার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত কমিউনিটি ক্লিনিক সংস্কারে সংস্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি এলাকাবাসীর।
অপু তালুকদার, দেলদুয়ার প্রতিনিধি



