ফের উত্তপ্ত দিল্লি, নিহত-৯

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে গত তিন দিন ধরেই ব্যাপক হিংসা ছড়িয়েছে গোটা ভারতে। মঙ্গলবার সকাল থেকেই আবার তেতে উঠেছে দিল্লি। বিক্ষোভ, হামলা-পাল্টা হামলায় নিহত ৯। এ দিন মৌজপুরে এক সাংবাদিককে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়।
এছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩০ জন। দুপুরে তাদের দেখতে হাসপাতালে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এবং তাঁর ডেপুটি মণীশ সিসৌদিয়া।
এ দিন সকালে ফের মৌজপুর এবং ব্রহ্মপুরীতে ফের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। পরস্পরকে লক্ষ্য করে শুরু হয় পাথরবৃষ্টি। জ্বালিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেলও। দুপুরে গুলিও চলে সেখানে। এ দিন মৌজপুরে একটি ই-রিকশায় ভাঙচুরও চালানো হয়। তবে বেলা যত বাড়তে থাকে, নতুন করে ততই বাড়তে থাকে অশান্তি।
এদিকে, গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি পুলিশও। তাদের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ‘পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। উত্তর-পূর্ব দিল্লিতে হিংসা অব্যাহত বলে ফোনে লাগাতার অভিযোগ পাচ্ছি আমরা।’
সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করায় গতকালই রাজধানীর একাধিক মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল। শহরের একাধিক জায়গায় জারি হয়েছে ১৪৪ ধারা।



