স্পেনের চার শহরে করোনা শনাক্ত, বাংলাদেশিদের বিশেষ নির্দেশনা

স্পেনের চার শহরে করোনাভাইরাসের প্রকোপ বিষয়ে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। দূর-দূরান্তে বসবাসরত প্রবাসীদের একান্ত প্রয়োজন ছাড়া যে কোনো ভ্রমণ এমনকি দূতাবাস ভ্রমণেও নিরুৎসাহিত করা হয় এই নির্দেশনায়।
স্পেনের চার শহরে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ প্রেক্ষিতে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে মাদ্রিদে বাংলাদেশ দূতাবাস। নির্দেশনায় একান্ত প্রয়োজন ছাড়া ঘর এবং কর্মস্থলের বাইরে চলাফেরা না করার জন্য অনুরোধ করা হয়েছে।
গত বুধবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জারি করা নির্দেশনায় বলা হয়, সবাই পাবলিক প্লেসে মাস্ক ব্যবহার করবেন বলে দূতাবাস প্রত্যাশা করে। আতঙ্কগ্রস্ত না হয়ে ধৈর্য ধারণ করে সবাই সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করবেন, বলেও প্রত্যাশা করছে দূতাবাস।
এতে আরও বলা হয়, বার্সেলোনাসহ দূর-দূরান্তের কিছু শহরে, প্রবাসীদের দোরগোড়ায় কনস্যুলার সেবা পৌঁছে দেয়া মুজিববর্ষের অন্যতম অঙ্গীকার, বিধায় আপনারা আপনাদের শহরে কনস্যুলার টিম পাঠানোর জন্য দূতাবাসের ফেসবুকে বার্তা পাঠাতে পারেন।



