হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীকে দেখতে জনতার ভিড়

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই-তিন দিন আগে এক অস্ট্রেলিয়াপ্রবাসী বাড়িতে এসেছেন। তারপর থেকেই তিনি স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে থাকতে শুরু করেন। এদিকে ওই ব্যক্তিকে দেখতে বাড়ির আশপাশে ভিড় জমিয়েছেন এলাকার উৎসুক মানুষ।
প্রতিবেশী সূত্রে জানা যায়, ওই ব্যক্তির আসার খবর পেয়ে আত্মীয়স্বজন থেকে শুরু করে প্রতিবেশীরা তাঁকে দেখতে আসা শুরু করেন। একপর্যায়ে তাঁকে দেখতে উৎসুক মানুষের ভিড় পড়ে যায়। তাঁর দেখা না পেয়ে উৎসুক জনতা অনেকে বাড়ির পাশে অপেক্ষা করেন। কেউ কেউ বাড়ির বাইরে থেকে উঁকি দিয়ে তাঁকে দেখার চেষ্টাও করেন।
ওই প্রতিবেশী আরও জানান, ‘কোয়ারেন্টিন’ জিনিসটা কী এ নিয়ে মানুষের কৌতূহল। কোয়ারেন্টিনে থাকার সময় কীভাবে মানুষ সময় কাটায়, তা দেখার জন্য উৎসুক এলাকাবাসী ভিড় করছেন।
অন্যদিকে, নবীগঞ্জ উপজেলা প্রশাসনে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য পাঁচজনের যে নামের তালিকা আছে সেই তালিকায় নাম নেই ওই অস্ট্রেলিয়াপ্রবাসীর।



