
আজ ভয়াল ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের স্বাধিকারের আন্দোলনরত বাঙালিদের কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দিতে ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিকল্পিত এক অভিযানে, এই রাতে হত্যা করা হয় অসংখ্য মানুষকে।
১৬ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত চলা বঙ্গবন্ধুর সঙ্গে পাকিস্তানের শাসক ইয়াহিয়ার সমঝোতা বৈঠক ব্যর্থ হওয়ার পর ২৫ মার্চ রাতে ঢাকা ত্যাগের আগে ‘অপারেশন সার্চলাইট’ নামের নৃশংস গণহত্যার নীল নকশা বাস্তবায়নের নির্দেশ দিয়ে যায় জেনারেল ইয়াহিয়া।
এ দিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে কাপুরুষের মতো ঝাঁপিয়ে পড়েছিল ঘুমন্ত বাঙালিদের ওপর। গণহত্যার তাণ্ডবে ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশলাইনসহ গোটা ঢাকা পরিণত হয় মৃত্যুপুরীতে।
হামলার শুরুতেই পাকিবাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেকে তাঁর ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতারের করে। গ্রেফতারের আগে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে যান বঙ্গবন্ধু।



