
দেশে বাড়ছে করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা। নতুন করে আরও চারজনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এর ফলে, দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে।
শুক্রবার (২৭শে মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মহাখালী থেকে অনলাইন সংবাদ সম্মেলনে -আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।
তিনি জানান, নতুন করে যে চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে দু’জনই চিকিৎসক। আক্রান্তদের মধ্যে ২ জন ঢাকার এবং দু’জন ঢাকার বাইরের। আক্রান্তদের মধ্যে ২০ থেকে ৩০ বছর বয়সী একজন, ৩১ থেকে ৪০ বছরের একজন, ৪১ থেকে ৫০ বছর বয়সী একজন রয়েছেন। বাকীজন ষাটোর্ধ্ব ব্যক্তি। এই চারজনের মধ্যে দু’জন অন্য রোগে ভুগছেন। তবে, সবার অবস্থা স্থিতিশীল।
তিনি আরও জানান, এ পর্যন্ত সর্বমোট ১ হাজার ২৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ১০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া এখন ঢাকার বাইরের জেলাগুলোতেও হটলাইন নাম্বার চালু করা হয়েছে।



