ছুটি বাড়ানোর ইঙ্গিত প্রধানমন্ত্রীর

করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ রোধে চলমান ছুটি সীমিত আকারে বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবনে জেলা প্রসাশকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে একথা বলেন তিনি।
এসময় বিশ্ব অর্থনীতিতে মন্দার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে উল্লেখ করে খাদ্য নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সরকার পরিকল্পনা নেবে বলেও জানান, প্রধানমন্ত্রী।
করোনাভাইরাস প্রতিরোধে সরকারের চলমান কার্যক্রম সমন্বয় করতে ৬৪ জেলার কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার সকালে গনভবন থেকে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সরকার কার্যকর পদক্ষেপ নেয়ায় করোনাভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন তিনি।
করোনাভাইরাসের সংক্রমন রোধে চলমান সাধারণ ছুটি আরো বাড়তে পারে, এমন ইঙ্গিত দিয়ে এসময় সীমিত আকারে যোগাযোগ ব্যবস্থা চালু রাখার বিষয়টি ভাবা হচ্ছে বলে জানান, সরকার প্রধান।
দেশের করোনা পরিস্থিতিতে দিনমজুর শ্রমজীবী মানুষের তালিকা করে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মানুষের দুঃসময়ে কেউ সুযোগ নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন প্রধানমন্ত্রী। তাছাড়া, জনসমাগম এড়াতে চলতি বছর সারাদেশে বাংলা নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
নানা মাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে ও গুজব থেকে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়ে জনগণকে নিজেদের সুরক্ষায় প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার আহবান জানান সরকারপ্রধান।
হাকিম মোড়ল, বাংলাটিভি



