হোম কোয়ারেন্টিন মানছেন না আগৈলঝাড়ার বিদেশ ফেরতরা

বিভিন্ন দেশে করোনার প্রাদুর্ভাবে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গত একমাসে দেশে ফিরেছেন ৫শ ৩০ জন প্রবাসী। তবে হোম কোয়ারেন্টিনে আছেন মাত্র ৪০ জন। যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে উপজেলাবাসীর। সাধারণ মানুষের দাবি যারা হোম কোয়ারেন্টিন মানছেন না, তাদের আইনের আওতায় আনতে।
বরিশালের আগৈলঝাড়া উপজেলা ৫০ শয্যা হাসপাতালের পরিসংখ্যান অফিস ও আগৈলঝাড়া থানা সূত্রে জানা যায়, সরকারী হিসেবে গত পয়লা মার্চ থেকে ৩০মার্চ পর্যন্ত ৫শ ৩০ জন পাসপোর্টধারী ব্যক্তি আগৈলঝাড়া উপজেলায় এসেছেন। তবে, এসব যাত্রীরা তাদের পাসপোর্টে আগৈলঝাড়া উপজেলার ঠিকানা ব্যবহার করলেও, সবাই এ উপজেলার বাসিন্দা নয়।
সরকারের নির্দেশ অনুযায়ী প্রবাসী ব্যাক্তিকে কমপক্ষে ১৪দিন হোম কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা রয়েছে। তবে, আগৈলঝাড়ায় আসা ৫শ ৩০জনের মধ্যে মাত্র ২১ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। আরিএসব প্রবাসীর পরিবারও রয়েছে ঝুঁকিতে। ২১জন ছাড়া বিদেশ ফেরত সবাই প্রকাশ্যে ঘুরে বেড়ানোয়, এলাকাবাসীর জন্য মারাত্মক হুমকীর কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, প্রবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের নির্দেশে হোম কোয়ারেন্টিনে থাকায় আমাদের পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে।পরিস্থিতি এমন হয়েছে যে, মনে হচ্ছে নিজের দেশে বোঝা হয়ে গেছেন তারা।
এদিকে, প্রবাসীরা হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ না মানলে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানালেন, আগৈলঝাড়া মো. অফিসার ইনচার্জ আফজাল হোসেন। পাশাপাশি যারা কোয়ারেন্টিনে আছেন তাদের এবং পরিবারের কোন সমস্যা হলে ব্যবস্থা নেয়ার আশ্বাস সংস্লিষ্টদের।
যারা সরকারি নির্দেশনা মানছেন না, তারা অচিরেই হোম কোয়ারেন্টিনের আওতায় আসবেন এবং যে সকল প্রবাসীরা হোম কোয়ারেন্টাইন মানছেন, তাদের সুরক্ষা দেবে প্রশাসন এমন প্রত্যাশা সুধী মহলের।
ডেক্স রির্পোট, বাংলা টিভি।



