রমজানে অফিস সময় ৯টা থেকে সাড়ে ৩টা

রমজান মাসে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করেছে সরকার। রমজানে বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।
সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিসের এই সময়সূচি নির্ধারণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ বা ২৫ এপ্রিল থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, বাংলাদেশ ডাকঘর, বাংলাদেশ রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠান এ সময়সূচির আওতার বাইরে থাকবে এবং জনস্বার্থ বিবেচনা করে রমজানের জন্য তাদের নিজস্ব অফিসের সময় নির্ধারণ করবে।
সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে বলেও মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।
বাংলাটিভি/ আসাদ রিয়েল



