সাংবাদিকদের নিরাপত্তা ও প্রণোদনা দিতে সরকারকে আইনি নোটিশ

করোনা সংক্রমণ পরিস্থিতিতে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা এবং বিশেষ প্রণোদনা দিতে সরকারের প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে মঙ্গলবার এ নোটিশ পাঠান।
ই-মেইলের মাধ্যমে বাংলাদেশ করোনা প্রতিরোধ সেল, তথ্য, অর্থ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবকে নোটিশটি পাঠানো হয়।
নোটিশে বলা হয়েছে, বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস বাংলাদেশকেও আক্রান্ত করেছে। আর করোনা মোকাবিলায় সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য সবচে বেশি অবদান রাখছে গণমাধ্যম এবং এর সঙ্গে কর্মরত সাংবাদিকরা।
এই ক্রান্তিকালে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করে মানুষকে অবহিত করছে। মানুষের সচেতনতা বৃদ্ধির জন্য সাংবাদিকরা পথে-ঘাটে নিরলস কাজ করে যাচ্ছেন। তাই তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের জন্য একান্ত আবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে।
নোটিশ পাওয়ার পর আগামী সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
বাংলাটিভি/ আসাদ রিয়েল



