যুক্তরাজ্যে বাড়ছে বাংলাদেশি মৃতের সংখ্যা

যুক্তরাজ্যে করোনা ভাইরাসে দিনদিন বাড়ছে ব্রিটিশ বাংলাদেশিদের মৃতের সংখ্যা। প্রতিদিনই কোন না কোন এলাকা থেকে আসছে মৃত্যুর খবর। আতংকে আছেন বয়স্কসহ বাংলাদেশিরা।
তবে স্বাস্থ্যবিধি মেনে চলে এই বিপর্যয় কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা করছেন, প্রবাসীসহ স্থানীয়রা।
যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশি মারা যান ৮ মার্চ। এরপর থেকে এ পর্যন্ত প্রায় ৪০ জনের বেশি বাংলাদেশি মারা গেছেন। মৃতদের আত্মীয় স্বজন, সোশ্যাল মিডিয়া, হাসপাতাল এবং ফিউনারেল সার্ভিসের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে, মূলত এ হিসেব করা হয়েছে।
১৩ মার্চ পূর্ব লন্ডনে মারা গেছেন রেহান উদ্দিন,১৬ মার্চ আওয়ামীলীগ নেতা মাহমুদুর রহমান,২৩ মার্চ জামশেদ আলী এবং ২৪ মার্চ মারা যান খসরু মিয়া। লুটন শহরে ১ এপ্রিল মারা যান ব্যবসায়ী দীবুল আহমেদ।
এর পাঁচদিন পর ৫ এপ্রিল মারা যান তার মা। পূর্ব লন্ডনের শেডওয়েলহিথ এলাকায় ১০দিনের ব্যবধানে মারা যান দুই সহোদর দেলোয়ার ওয়াহিদ ও এনামুল ওয়াহিদ। ২৭ মার্চ মারা গেছেন ক্যামডেন শহরের বাসিন্দা মনির উদ্দিন এবং ২ এপ্রিল মারা যান তার ভাই সিরাজ উদ্দিন ।
এছাড়া যাদের মৃত্যুর খবর পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন নোয়াজ উল্লাহ,আকিকুর রহমান, মাওলানা আবদুল মুকিত, টুনু মিয়া, মনসুর খান, দিলাল আহমদ, মোহাম্মদ তোয়াহিদ আলী, আবুল কালামখলিলুর রহমান এবং এরশাদ মিয়া। মৃত্যুর মিছিল দেখে আতংকিত বাংলাদেশিরা।
যুক্তরাজ্য সরকার গত ২৪ মার্চ লকডাউন ঘোষণা করেছিল। এরপর থেকেই ঘরবন্দী থাকা মানুষ আশা করছেন,সরকারী নির্দেশনা মেনে চললে এই ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকা যাবে।
যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত অনেক বাংলাদেশি এখন রয়েছেন হোম কোয়ারেন্টিনে। আক্রান্ত অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কবে মিলবে এই মহামারী থেকে মুক্তি,তা নিয়ে শংকিত সকলে।
সরওয়ার হোসেন, বাংলা টিভি, লন্ডন



