সৌদিতে কর্মহীন হয়ে পড়েছেন অধিকাংশ প্রবাসী

মধ্যপ্রাচ্যের বৃহত্তম শ্রমবাজার সৌদি আরবে কাজ করেন বিপুল সংখ্যক প্রবাসী। চলমান করোনা পরিস্থিতিতে লকডাউনসহ অন্যান্য সমস্যার কারণে কর্মহীন হয়ে পড়েছেন অধিকাংশ প্রবাসী। খাদ্যসংকটসহ নানা সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছেন তারা।
এমতাবস্থায়, ত্রাণ ও সাহায্য সহযোগিতা যা পাওয়া যাচ্ছে তা-ও পর্যাপ্ত নয়। করোনা সংকট মোকাবেলায় সম্প্রতি প্রধানমন্ত্রী দেশের শ্রমিকদের জন্য যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন, তাতে প্রবাসীদের কথা উল্লেখ না থাকায় হতাশ হয়েছেন প্রবাসীরা।
বিদেশ থেকে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখা এসব প্রবাসীদের দাবী, তাদের জন্যেও ১০০০ কোটি টাকার একটি অনুদান প্যাকেজ দেওয়া হোক।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সৌদি আরব সরকারের নেওয়া নানা সতর্কতামূলক পদক্ষেপে কর্মহীন হয়ে গৃহবন্দী জীবনযাপন করছেন সৌদি প্রবাসী বাংলাদেশীরা। আয়-উপার্জন বন্ধ থাকায়, দেশে পরিবারের কাছে টাকা-পয়সা পাঠাতে পারছেন না। এমনকি, নিজেরাও থাকাখাওয়া নিয়েও হিমশিম খাচ্ছেন তারা।
প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজে দেশের শ্রমিকরা আশ্বস্ত হলেও, হতাশা প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশীরা। তাদের দাবী, সরকার যেন তাদের জন্যও বিশেষ প্রনোদনা প্যাকেজ ঘোষণা করে।
বাংলাদেশ সরকারের কাছে প্রবাসীদের জন্যে প্রণোদনার দাবি জানিয়েছেন, প্রবাসীদের স্বার্থ নিয়ে কাজ করা নানা সংগঠনের নেতারাও।
চলমান এই দুর্যোগে প্রবাসীদের সহযোগিতা না করলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরও তা রেমিটেন্স আয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গোলাম কিবরিয়া, সৌদি আরব প্রতিনিধি



