বেকার ভাতা পাবেন নিউইয়র্কের বাংলাদেশি প্রবাসীরা

নিউইয়র্কে বাংলাদেশি প্রবাসীদের বেকার ভাতা পাওয়ার জন্য, এখন আর শ্রমবিভাগে ফোন করার প্রয়োজন নেই ।
জানা যায়, গত বৃহস্পতিবার নিউইয়র্কের গভর্ণর অ্যান্ড্রু কুমো তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে বেকার ভাতা পাওয়ার জন্য, হাজার হাজার মানুষ প্রতিদিন শ্রম বিভাগে ফোন করে হতাশ হচ্ছেন। এখন থেকে তাদের আর ফোন করতে হবে না।
আবেদন করার ৩ দিনের মধ্যে, শ্রম বিভাগের পক্ষ থেকেই ফোন করা হবে আবেদনকারীকে। এজন্য এক হাজার কল সেন্টার কাজ শুরু করেছে। কুমো জানান, যখন থেকে দেশটির নাগরিক এবং প্রবাসীরা বেকার হয়েছেন, ঠিক তখন থেকেই তাদেরকে ভাতা দেয়া হবে।
নতুন চালু করা এ পদ্ধতি ঠিকমতো কাজ করছে কি-না তা জানতে চেয়ে, তিনি ইমেইলে আবেদনকারীদের মন্তব্য জানানোর অনুরোধ করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার পর্যন্ত ৮ লাখ ১০ হাজার বেকার ভাতার আবেদন করেছেন।
এর মধ্যে ৬ লাখের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। এখনও দুই লাখের বেশি আবেদন অনিশ্চয়তায় রয়েছে। বেকার ভাতার সুবিধা এখন ৩৯ সপ্তাহ পর্যন্ত পাওয়া যাবে। প্রচলিত সুবিধার বাইরে, প্রত্যেক আবেদনকারী অতিরিক্ত ছয়শত ডলার পাবেন বলে জানিয়েছে শ্রম বিভাগ।



