অন্যান্যবাংলাদেশ

ব্যারিস্টার সুমন নিজের বাসা ছেড়ে দিচ্ছেন করোনা চিকিৎসকদের

সুপ্রিমকোর্টের আইনজীবী ও সোশ্যাল অ্যাকটিভিস্ট ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারসহ মোট ১৭ জন কর্মকর্তাদের সুবিধার্থে চুনারুঘাটে নিজের ডুপ্লেক্স বাসা ছেড়ে দিচ্ছেন বলে জানিয়েছেন।

ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএ মুমিন উদ্দিন চৌধুরীর কাছে প্রস্তাব আকারে বিষয়টি জানিয়েছেন তিনি। সুমন জানান, ডাক্তাররা চাইলে যে কোন সময় তাঁর বাসায় উঠতে পারেন এবং করোনাভাইরাসের এই সময়টাতে তারা তার বাসায় থাকতে পারবেন।

তিনি আরও জানান, কেবল বাসা ছেড়ে দেওয়া নয়। ডাক্তারদের সুবিধার্থে আমার পক্ষে সম্ভব এমন যা করা লাগে করবো আমি। কেননা আমি চাই ডাক্তাররা এই সময়টাতে মানুষদেরকে নির্বিঘ্নে সেবা প্রদান করুক এবং নিশ্চিন্তে মানুষের জন্য কাজ করুক।

মাস দেড়েক আগেই করোনাভাইরাস নিয়ে ব্যারিস্টার সুমন সবার আগে বাংলাদেশের জন্য সতর্কবার্তা দিয়েছিলেন যুক্তরাষ্ট্র থেকে। এছাড়া করোনাভাইরাসের এই মহামারির সময়ে বসে থাকেননি বরং নিজের সাধ্যমত ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।

প্রসঙ্গত : ব্যারিস্টার সুমন একদিকে তিনি একজন আইনজীবী অপরদিকে তিনি অনুসরণীয় একজন সমাজসেবক। নিজ উদ্যোগে সমাজসেবামূলক একের পর এক কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছেন ব্যারিস্টার সুমন।

মানুষের উপকার এবং করোনাভাইরাস ইস্যুতে এসে তার সমাজসেবামূলক কাজগুলো দৃষ্টি কেড়েছে সবার। মানুষ তাই প্রশংসায় ভাসাচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট এই পরোপকারী মানুষটিকে।

সংশ্লিষ্ট খবর

Back to top button