খাদ্য সংকটে আছেন সৌদি প্রবাসী বাংলাদেশিরা

করোনাভাইরাসের কারণে সৌদি আরবে কর্মহীন হয়ে পড়া বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এই মুহূর্তে আছেন চরম খাদ্য সংকটে। তাদের জন্য বাংলাদেশ সরকারের পাঠানো অর্থে রিয়াদ বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট এর উদ্যোগে ফুড বাস্কেট বিতরণ শুরু হয়েছে।
জীবিকার তাগিদে সৌদি আরবে কর্মরত আছেন অনেক বাংলাদেশি। মহামারী করোনাভাইরাস অন্যান্য দেশের মতো, সৌদি আরবের অর্থনীতিকেও করে দিয়েছে স্তব্ধ। ভাইরাস রোধে দেশটিতে চলছে অনির্দিষ্টকালের লকডাউন। এ অবস্থায় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসীরাও হয়ে পড়েছেন গৃহবন্দি, বন্ধ হয়ে গেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান।
হঠাৎ চাকরী হারিয়ে বিপুলসংখ্যক প্রবাসী পড়েছেন খাদ্য সংকটে। এ সকল প্রবাসীদের কথা চিন্তা করে, বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট জেনারেল জেদ্দার দাবির প্রেক্ষিতে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে, ৮০ লাখ টাকার অনুদান দেয়া হয়েছে, যার ৪০ লক্ষ টাকা পেয়েছে, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা।
কনস্যুলেট জেনারেল জেদ্দার পক্ষ থেকে খাদ্য সংকটে থাকা প্রবাসীদের, আবেদনের প্রেক্ষিতে কনসাল জেনারেল ফয়সাল আহমেদ কনস্যুলেটের কর্মকর্তাদের সাথে নিয়ে, উপহার সামগ্রী ফুড বাস্কেট প্রবাসীদের ঘরে ঘরে পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেছেন ।
এছাড়া, জেদ্দার বাইরের অঞ্চলগুলোতে যাওয়ার জন্য, সৌদি সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর, অন্যান্য অঞ্চলগুলোতে এই ফুড বাস্কেট বিতরণ কার্যক্রম শুরু করা হবে। এসব ফুড বাস্কেট পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রবাসীরা।
যেসব প্রবাসী সহায়তার জন্য এখনো যোগাযোগ করতে পারেননি তাদের কনস্যুলেটের দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন কনসাল জেনারেল।
সাইফুল রাজীব, জেদ্দা প্রতিনিধি



