সংক্রমণ বেড়েছে সারাদেশে, পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন

প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রকোপ এখন সারাদেশে। জেলায় জেলায় সংক্রমণ ছড়ানোর পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লকডাউন করা হচ্ছে একের পর এক জেলা। টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া উত্তরপাড়া গ্রামে বুধবার রাতে করোনা উপসর্গ নিয়ে এক নারী মারা গেছেন।
সখীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করেছেন। মুন্সীগঞ্জে গেল এক সাপ্তাহে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ জন। জেলায় নতুন আরো ৫ জন করোনা রোগীকে শনাক্ত করেছে আইইডিসিআর। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।
করোনা উপসর্গ নিয়ে জেলায় এই পর্যন্ত ৪ জন মারা গেছেন বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ। শরীয়তপুরের জাজিরা উপজেলায় আরো এক করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার রাতে আইইডিসিআর এ তার নমুনা পরীক্ষায় পজেটিভ এসেছে। সে সম্প্রতি ঢাকা থেকে জাজিরার জয়নগরে আসেন।
শরীয়তপুর সিভিল সার্জন কাযার্লয়ের রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. আঃ রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। শেরপুরে ৯জন করোনা রোগী শনাক্তের পর গতরাতে জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৫ টি উপজেলাসহ শেরপুর অবরুদ্ধ থাকবে।
বুধবার বিকেলে পাশ্ববর্তী গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী ও দিনাজপুর জেলায় করোনা শনাক্ত হওয়ায় রংপুর জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি



