
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরে সেনাসদস্যদের বহনকারী একটি লরি উল্টে ২০ সেনাসদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে চার সেনাসদস্যের অবস্থা গুরুতর।
দুপুরে বিষয়টি নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ডিফেন্স রিসার্স ফোরাম। সেই বিবৃতিতে বলা হয়, সাভার ক্যান্টনমেন্ট থেকে ওই লরিটিতে করে সেনাসদস্যরা মুন্সিগঞ্জ যাচ্ছিল, কিন্তু শেরেবাংলা নগরের কাছে উল্টো দিক থেকে আসা রিকশাকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এতে লরিটি ডিভাইডারের রেলিং ভেঙে উল্টে যায়। লরিতে থাকা ২৫ জন সেনাসদস্যের মধ্যে অন্তত ২০ জন আহত হন। তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে চার সেনাসদস্যের অবস্থা গুরুতর।



