বরিশালে জনসমাগম করে মদ বিক্রি, সাংবাদিকের উপর হামলা

লকডাউন উপেক্ষা করে মদ বিক্রি করেছে বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আর জনসমাগম করে মদ বিক্রি করার ছবি তুলতে গিয়ে ওই দপ্তরের কর্মচারীদের মারধরের শিকার হয়েছেন বাংলা ভিশন চ্যানেলের ক্যামেরাপার্সন কামাল হাওলাদার।
ভাঙচুর করা হয়েছে তার ক্যামেরা ও মোবাইল। এই ঘটনার পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলবাহিনীর সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে উপস্থিত হয়। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমানের রুম আটকে দিয়ে তাকে জেলা প্রশাসন কার্যালয়ে নিয়ে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জানা গেছে, আইনশৃঙ্খলাবাহিনী উপস্থিত হয়েই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ১টি কন্টিনার ভর্তি মদ ফেলে দেয়া হয়। যাতে ৮/১০ লিটার মদ ছিলো। পাশাপাশি ১৮০ লিটার মদ অধিদপ্তরের একটি কক্ষে আটকে তা সীলগালা করে দেয়া হয়েছে।
বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার শাহিন হাসান জানান, এই ঘটনায় বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বরারর একটি অভিযোগ দেয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে সরকারি নির্দেশনা উপেক্ষা করে জনসমাগম তৈরী করে মদ বিক্রি করা হচ্ছিলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে।
এই বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে বিস্তারিত তিনি কিছু জানেন না। তবে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেয়া হবে।
বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরকে বিষয়টি লিখিতভাবে জানানো হচ্ছে। তারা তাদের দাপ্তরিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।



