
বাংলাদেশে করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন এবং এর পরিপ্রেক্ষিতে উদ্ভুত চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি গঠন করেছে সরকার।
বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট এবং সিনিয়র শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোহাম্মদ শহীদুল্লাহকে সভাপতি করে ১৭ সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এই কমিটি সরকারকে কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ে পরামর্শ প্রদান, হাসপাতালের সেবার মান বৃদ্ধির বিষয়ে পরামর্শ প্রদান এবং যেসব চিকিৎসক স্বাস্থ্য সেবাদান করছেন তাদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে পরামর্শ দেবে।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা কমিটিকে সাচিবিক সহায়তা দেবেন।



