জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর করোনায় আক্রান্ত

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের লেবার কাউন্সিলর আমিনুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রিয়াদ দূতাবাসের প্রেস উইং জানায়, তাকে বর্তমানে জেদ্দার একটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
দেশটিতে এই প্রথম বিদেশি মিশনে কর্মরত কোনো কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হলেন। মোঃ আমিনুল ইসলাম বিগত ২ বছর ৮ মাস ধরে, জেদ্দার বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করছিলেন। সুস্থ থাকাকালীন নিয়মিত জেদ্দা এবং পার্শ্ববর্তী প্রদেশগুলোর করোনা আপডেট দিতেন তিনি।
জানা গেছে,গত সপ্তাহে তিনি মদিনা ভ্রমণ করেন। মদিনার বিভিন্ন ক্যাম্পে প্রায় ৪ হাজার প্রবাসী, যারা আতঙ্কে করোনা পরীক্ষায় রাজি হচ্ছিলেন না,তাদের রাজি করাতে এবং পরিস্থিতি সম্পর্কে বোঝাতে, সৌদি প্রশাসনের সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়েছিলেন।
ধারণা করা হচ্ছে,সেখান থেকেই তার শরীরে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে । এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন তার দ্রুত আরোগ্য কামনা করে বাংলাদেশের সকল বৈদেশিক মিশনের কর্মকর্তা-কর্মচারীদের, করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন ।



