অন্যান্যবাংলাদেশ

মে মাসের প্রথম দিকে বাজারে আসছে গণস্বাস্থ্যের কিট

সব কিছু ঠিক থাকলে আগামী মাসের প্রথম দিকেই বাজারে আসবে করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি কিট। আর এ মাসের ২৪ তারিখ নাগাদ পরীক্ষা-নিরীক্ষার জন্য তা ওষুধ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে বলে জানালেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সোমবার বাংলাটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। এসময় তাদের উৎপাদিত কিট অন্য যেকোন দেশের কিটের তুলনায় অধিক কার্যকর বলেও দাবি করেন ডা. জাফরুল্লাহ।

করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট এ মাসের ১৫ তারিখের মধ্যেই বাজারের আসার কথা ছিল। কিন্তু কাঁচামাল সংকট আর হঠাৎই কিট উৎপাদনে বৈদ্যুতিক ও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় পিছিয়ে যায় এর উৎপাদন কার্যক্রম। তবে গণস্বাস্থ্য সব সমস্যা কাটিয়ে উঠেছে- দাবি করে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, সবকিছু স্বাভাবিক থাকলে আগামী ২৪ তারিখ সরকারের ওষুধ প্রশাসনের কাছে পরীক্ষার জন্য তা হস্তান্তর করা হবে।

ডা.জাফরুল্লাহ চৌধুরী দাবি করে বলেন, অন্যান্য দেশের উৎপাদিত কিটের তুলনায় গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিটের গুণগত মান অনেক উন্নত হবে। উৎপাদিত কিট স্বল্পমূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া হবে। এছাড়া সরকারের ছাড়পত্র পেলে আগমী মাসের প্রথমেই এ কিট বাজারে ছাড়া হবে বলেও জানালেন, ডা.জাফরুল্লাহ চৌধুরী ।

বুলবুল আহমেদ, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button