করোনা চিকিৎসায় সহযোগিতার অনুরোধ মালয়েশিয়া সরকারের

করোনা চিকিৎসায় বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতার অনুরোধ জানিয়েছে মালয়েশিয়ার সরকার। জানা যায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে লেখা একটি চিঠিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী তুন হিশাম উদ্দিন হোসেইন এ অনুরোধ জানান।
করোনা ভাইরাস চিকিৎসার অনুসঙ্গ হিসেবে ব্যাবহৃত হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট রপ্তানীর ওপর বাংলাদেশ সরকারের যে নিষেধাজ্ঞা রয়েছে, তা তুলে নেয়ার আহবান জানান তিনি। এ চিঠিতে বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় তিনি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার পারস্পরিক সহযোগীতা বৃদ্ধি করে, একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়া সরকার প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায়, দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলেও জানান তিনি। এছাড়া মালয়েশিয়ার নাগরিকদের সেদেশে ফেরত নেয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য ড. মোমেনকে ধন্যবাদ জানান তিনি।
এদিকে মালয়েশিয়ায় দুর্যোগ মুহুর্তে ত্রাণসামগ্রী নিতে আসা অসহায় প্রবাসীদের ত্রাণ গ্রহনের ছবি তুলে, গণমাধ্যমে প্রচার করায় নিন্দা জানিয়েছেন প্রবাসীরা ।



