ব্রিটিশ বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লণ্ডনে ১৪০ প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। স্যোশাল মিডিয়া এবং স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় ১৪০ জন ব্রিটিশ বাংলাদেশি এই মহামারীতে মারা গেছেন।
দিনদিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটিশ বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ১৪ এপ্রিল প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব বার্মিংহাম প্রবাসী আব্দুল হক চৌধুরী মারা যান। তার দেশের বাড়ী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়।
এছাড়া গত ১৮ এপ্রিল লুটনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন গেটউইক বিমানবন্দরের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার সৈয়দ সরোয়ার হুসেন রানা। তার গ্রামের বাড়ী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়। একই দিনে লুটনের হাসপাতালে মারা যান মো: আখলাকুর রহমান। তিনি পেশায় একজন মিনিক্যাব ড্রাইভার ছিলেন। তার দেশের বাড়ী সিলেটের বিশ্বনাথ উপজেলায়।
এছাড়া গত শুক্রবার লন্ডনের একটি হাসপাতালে মারা যান ছদরুল হক । তার গ্রামের বাড়ী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল গ্রামে। এভাবে প্রতিদিনই মৃত্যুর সাড়িতে যোগ হচ্ছে নতুন নতুন নাম। আতংকে রয়েছেন সকল যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা ।



