
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে করোনা মোকাবেলায় বাংলাদেশে চিকিৎসক সেনা দল পাঠাবে ভারত, নাকচ করলেন পররাষ্ট্রমন্ত্রী।
টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ, পিটিআইসহ বেশ কিছু গণমাধ্যম লিখেছে, বাংলাদেশসহ প্রতিবেশী কয়েকটি দেশে করোনা মোকাবেলায় র্যাপিড রেসপন্স টিম গঠন করছে ভারত। ভুটান, শ্রীলংকা ও আফগানিস্তানেও টিম পাঠাবে দেশটি। মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সাহায্যের প্রতিশ্রুতির অংশ হিসেবে এসব দল পাঠানো হবে।
কিন্তু আপাতত এই সাহায্য প্রয়োজন নেই বলে মনে করছে বাংলাদেশ, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। একটি জাতীয় ইংরেজি দৈনিকের বরাত দিয়ে সময় টিভি অনলাইন জানায়, তিনি বলেছেন, এই ধরণের কোনো সাহায্যের দরকার আমাদের নেই। বরং বাংলাদেশ বিভিন্ন দেশকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ইতোমধ্যে কুয়েতে বাংলাদেশ সেনাবাহিনী টিম পাঠিয়েছে।
এদিকে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশে ভারতীয় সেনা দল পাঠানোর পরিকল্পনা সম্পর্কে দেশটি আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বলে বাংলাদেশের কূটনৈতিক সূত্র জানিয়েছে। তারপরেও ভারতীয় জাতীয় সংবাদ সংস্থা খবরটি প্রকাশ করায় বিষটিকে গুরুত্বের সঙ্গেই দেখছে কূটনৈতিক মহল।
এরআগে, গত ১৫ মার্চ সার্কের বৈঠকে ভিডিও কনফারেন্সে করোনা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোভিড-১৯ মোকাবেলায় সার্কভূক্ত দেশগুলোর জন্য জরুরি তহবিল গঠন করারও প্রস্তাব দেন মোদি।-আমাদের সময়.কম



