নকল মাস্ক ও নিম্নমানের পিপিই’র কারণে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছেন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই ১২ চিকিৎসক-নার্সসহ ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সংশ্লিষ্ট ছিলেন এমন চিকিৎসক নার্সসহ ৬৯ জন আছেন কোয়ারেন্টাইনে। আক্রান্ত চিকিৎসকেরা বলছেন, সরবরাহ করা নিম্নমানের পিপিই ও মাস্কের কারণেই আক্রান্ত হচ্ছেন তারা।
এদিকে একসাথে এতো স্বাস্থ্যসেবী আক্রান্ত ও কোয়ারেন্টাইনে চলে যাওয়ায় মেডিসিন ও শিশু বিভাগের দুটি ওর্য়াড, ডায়ালাইসিস ও আইসিইউ ইউনিটের কার্যক্রম বন্ধ রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দীন আহমেদ বলেন, যে হারে সংক্রমণ বাড়ছে তাতে চিকিৎসা দেয়ার মতো ডাক্তার ১৫-২০ দিন পর আর পাওয়া যাবে কিনা সন্দেহ।
আক্রান্ত চিকিৎসকেরা বলছেন, সরবরাহ করা নিম্নমানের পিপিই ও মাস্কে নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। আর জীবনবাজি রেখে যারা কাজ করছেন তারাও রয়েছেন ঝুঁকিতে। যে গাইডলাইন অনুযায়ী পিপিই বানানোর কথা তা বানানো হয়নি। মাস্কও এন-৯৫ না।
অন্যদিকে দ্রুত চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চিকিৎসক নেতারা। বিএমএর সভাপতি ডা. মো. মতিউর রহমান ভূঞা বলেন, মান সম্মত পিপিই এবং মাস্ক সরবরাহ করা উচিত।



