দুবাইয়ে বাংলাদেশিদের চলাচলে বিধিনিষেধ শিথিল

করোনার প্রকোপ কমে আসায় দুবাই প্রবাসী বাংলাদেশিদের চলাচলে বিধিনিষেধ শিথিল করা হয়েছে। শুক্রবার থেকে দুবাইয়ে চলাচলে বিধিনিষেধ আংশিক শিথিল করা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জরুরি অবস্থা ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পবিত্র রমজান উপলক্ষে জাতীয় জীবানুনাশ কর্মসূচির সময় পরিবর্তন করেছে। এ কর্মসূচি পূর্ব ঘোষিত সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টার পরিবর্তে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত করা হয়েছে।
এদিকে কর্মসূচী চলাকালীন খাবারের দোকান খোলা রাখার অনুমতি দেয়া হয়েছে। মুদির দোকান, সুপারমার্কেট এবং ফার্মেসি ২৪ ঘণ্টা পরিচালনা করা যাবে। তাছাড়া ১৩টি রুটে ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বাস চলবে।
অন্যদিকে, আগামী রোববার থেকে দুবাই মেট্রো সপ্তাহে ছয়দিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত এবং শুক্রবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে। তবে প্রতি কেবিনে যাত্রী সংখ্যা সীমাবদ্ধ এবং সব যাত্রীকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মেট্রোরেলসহ অন্যান্য গণপরিবহনও রোববার থেকে পুনরায় চালু হবে।



