চুয়াডাঙ্গায় আরও ২৮ জন করোনা আক্রান্ত, মোট ৩৫

চুয়াডাঙ্গায় নতুন করে আরও ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ২৮ জনের মধ্যে শুধু আলমডাঙ্গা উপজেলাতেই আক্রান্ত হয়েছেন ১৯ জন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এই নিয়ে চুয়াডাঙ্গা জেলাতে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে।
চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্র বলছে, গত দু’দিনে জেলার চারটি উপজেলাতে মোট ৯৫ ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। সেগুলো কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পরই চুয়াডাঙ্গার ২৭ জনের করোনা শনাক্ত হয়।
সোমবার রাতে কুষ্টিয়া থেকে নমুনা পরীক্ষার রিপোর্টটি চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের কাছে আসলেও মঙ্গলবার দুপুরে তা গণমাধ্যমকর্মীদের কাছে নিশ্চিত করেন সিভিল সার্জন।
সিভিল সার্জন জানান, আলমডাঙ্গা উপজেলায় আক্রান্ত ১৯ জনের মধ্যে ১৭ জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, ল্যাব টেকনিশিয়ান, ইপিআই সুপারভাইজার ও ড্রাইভার রয়েছেন। এ কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন ঘোষণা করা হয়েছে।



