করোনায় রমজানে লোকসানের সম্মুখীন বাংলাদেশি ব্যবসায়ীরা

সৌদি আরবের বাংলাদেশি ব্যবসায়ীরা এবার রমজানে করোনাভাইরাসের কারনে লোকসানের সম্মুখীন হচ্ছেন। দেশটিতে করোনা রোধে অনির্দিষ্টকালের জন্য কারফিউ এবং লকডাউন জারি থাকায় বিপদে পড়েছেন ইফতার সামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রেতা বাংলাদেশিরা।
রোজায় বাংলাদেশিদের প্রিয় খাবার ছোলা-মুড়ি, চিড়া, বেগুনি, জিলাপিসহ অন্যান্য খাবার বিক্রেতারা এবার তাদের ব্যবসায় সুবিধা করতে পারছেন না। দোকানে অনেক পণ্য থাকলেও, কিন্তু ক্রেতা নেই। প্রতিবছর রমজানে মক্কা, জেদ্দা, রিয়াদ, মদিনা, দাম্মাম, কামিস মোসায়েত, তায়েফ, আল কাসিমসহ বিভিন্ন এলাকায় অবস্থিত বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে সাহরি ও ইফতারের জন্য ভীড় লেগে থাকতো।
কিন্তু এবার করোনাভাইরাসের কারণে প্রায় সবগুলো এলাকাতেই বাংলাদেশি ব্যবসায়ীরা খালি হাতে বসে আছেন। অপরদিকে, সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫২২ জন এবং ১৩৯ জন মারা গেছেন। মৃতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী প্রবাসী রয়েছেন। এছাড়া সুস্থ হয়েছেন ২ হাজার ৩৫৭ জন।



