
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন। মারা গেছেন ২ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৭ জনে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৫৫ জনে। নতুন করে সুস্থ হয়েছেন ৮৮৬ জন।
রবিবার (৩রা মে) দুপুরে, দেশে করোনা শনাক্তের ৫৭তম দিনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদপ্তরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এসময় তিনি জানান, দেশে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১,০৬৩ জন। ঢাকা বিভাগে মোট সুস্থ হয়েছেন ৬২৪ জন। আর, ঢাকার বাইরে সুস্থ হয়েছেন ৪৩৯ জন। দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
দেশে মার্চের দ্বিতীয় সপ্তাহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই সামাজিক দূরত্ব জোরদারের চেষ্টা চালিয়ে আসছে সরকার। তার অংশ হিসেবেই নেয়া পদক্ষেপের অংশ হিসেবে এখন সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে।



