ঝুঁকি নিয়েও কাজ করতে আগ্রহী মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা

মালয়েশিয়ায় কিছু শর্তসাপেক্ষে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয়েছে। গত শুক্রবার দেয়া এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী তান সেরি মহিউদ্দিন ইয়াসিন একথা জানান।
তিনি আরো জানান, মুভমেন্ট কন্ট্রোল অর্ডার চলাকালীন কিছু শর্তসাপেক্ষে খুলে দেয়া হবে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছে প্রবাসীরা। মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কর্মীরা অধিকাংশই ম্যানুফ্যাকচারিং কন্সট্রাকশন, কৃষি, হোটেল রেস্তোরাঁ ও সার্ভিস সেক্টরে কাজ করেন।
করোনার প্রাদুর্ভাবের ফলে দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় রোজগারহীন হয়ে পড়েছেন তারা। করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকা সত্বেও কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। এদিকে, হাইকমিশন থেকে কর্মীদের উদ্দেশ্যে বলা হয়েছে, তারা যেন স্বাস্থ্যবিধি ও নিয়ম-কানুন মেনে চলেন, কারণ কাজ শুরুর অনুমতি দেয়া হলেও এমসিও বলবৎ থাকবে।
আর নিয়ম-কানুন মেনে না চললে এমসিও ভঙ্গ করার অপরাধে শাস্তি হতে পারে। দেশটির মানব সম্পদ মন্ত্রী সারভানান এক বিবৃতিতে বলেছেন, “ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় কার্যক্রম শুরু করার সময় নিয়োগকারী এবং কর্মচারীদের অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা কঠোরভাবে অনুসরণ করতে হবে”।



