
ঐক্যমতের ভিত্তিতে করোনা মোকাবিলার আহ্বান বিএনপির। সিদ্ধান্তহীনতা, দুর্নীতি ব্যবস্থাপনার ত্রুটি ও জবাবদিহিতার অভাবে করোনা সংকটকে আরো গভীর করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনীতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, করোনা মোকাবিলায় সরকারের রাজনীতিক দৃষ্টি নেই, আমলাতান্ত্রিক দৃষ্টিতে কাজ করছে। সংক্রমণের উর্ধমুখী সময়ে আরো কিছুদিন সামাজিক নিরাপত্তা জোরদার করা জরুরি ছিলো।
সরকারের পক্ষ থেকে পোশাক কারখানাগুলোকে প্রণোদনার ঘোষাণা দিলেও, অনেক কারখানাই এখনও বেতন পরিশোধ করেনি। প্রকৃত চিত্র তুলে না ধরে করোনা নিয়ে সরকার জনগণের সাথে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বিরোধীদল ও মতের প্রতি চরম অবজ্ঞার কারণে সরকার করোনা মোকাবিলায় সর্বদলীয় উদ্যোগ নেয়নি। চিকিৎসা ক্ষেত্রে বিশেষজ্ঞদের সম্পৃক্ত না করে সরকার দলীয়করণ করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।



