সৌদিতে ৪ হাজার বাংলাদেশিকে খাদ্য সহায়তা

সৌদি আরবে দূতাবাস ও কনস্যুলেটের উদ্যোগে ৪ হাজার প্রবাসী বাংলাদেশিকে খাদ্যসহায়তা দেয়া হয়েছে। জানা যায়, গত ১৩ এপ্রিল থেকে বাংলাদেশ সরকারের সহায়তার অংশ হিসেবে প্রবাসীদের জন্য ফুড বাস্কেট বিতরণ শুরু হয়।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে ২৩ মার্চ থেকে কারফিউ চলছে। এ অবস্থায় অভিবাসী বাংলাদেশীদের অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। এ পর্যন্ত দূতাবাসের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার অভিবাসী বাংলাদেশিকে এ সহায়তা প্রদান করা হয়েছে।
এ ছাড়াও জেদ্দা কনস্যুলেটের আওতায় আরো প্রায় দুই হাজার অভিবাসীকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। দূতাবাস ও কনস্যুলেট মিলিয়ে সর্বমোট সাড়ে চার হাজার প্রবাসীকে সহায়তা দেয়া হয়েছে। প্রথমদিকে দূতাবাস সরাসরি খাদ্যসামগ্রী সরবরাহ করলেও কারফিউ জারির পর থেকে মোবাইলে সুপার শপের কুপন বিতরণ করছে।
যাতে প্রবাসীরা শশরীরে দূতাবাসে না এসেও নিকটস্থ সুপার শপ থেকে কেনাকাটা করতে পারেন। যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে নির্বাচিত সত্যিকারের অসহায়দেরকে এই সাহায্য পৌছে দেয়া হচ্ছে।
বাংলা টিভি/রাসেল



