
বাংলাদেশে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৯৯ জনে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইটে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, দুপুরে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭০৬ জন আক্রান্ত হওয়ার খবর জানানো হলেও নতুন করে মৃত্যুর সংখ্যা জানানো হয়নি। পরবর্তীতে বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃতের খবর নিশ্চিত করা হয়।
এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৯৯ জনে। আর দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ৪২৫ জনে। এছাড়া গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩০ জন। এ নিয়ে করোনামুক্ত হলেন ১ হাজার ৯শ’ ১০ জন। একদিনে পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮শ’ ৬৭ জনের। আর নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৩৮২ জনের।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ৯৫ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ১২৮৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (০৬ মে) পর্যন্ত আক্রান্ত ছিলেন ১১৯০ জন পুলিশ সদস্য। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯৫ জন সদস্য আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ৯৩ জন। এছাড়া কোয়ারেন্টাইনে আছেন প্রায় দেড় হাজারের বেশি।



