ব্রিটেনে অনেক বাংলাদেশি রেস্তোরা বন্ধ হওয়ার পথে

ব্রিটেনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অনেক বাংলাদেশি রেস্তোরা বন্ধ হওয়ার পথে। এতে দেশটিতে বসবাসরত হাজারো অবৈধ অভিবাসী শ্রমিক বিপাকে পড়েছেন। অভিবাসন আইনের জটিলতায়, বহুদিন ধরেই কর্মচারী সংকটে ধুঁকছে ব্রিটেনের রেস্তোরা শিল্প।
তার ওপর করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অবস্থা আরও সংকটাপূর্ণ। লকডাউন প্রত্যাহারের পর বিধ্বস্ত এই শিল্প কবে নাগাদ ঘুরে দাঁড়াতে পারবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বর্তমানে বাংলাদেশিদের মালিকানায় দেশটিতে রয়েছে প্রায় ১২ হাজার রেস্তোরা।
এ শিল্পের উপর নির্ভর করেই ব্রিটেনে বাংলাদেশিরা নিজেদের একটি অবস্থান গড়ে তুলেছিলেন। ব্রিটেনে লক্ষাধিক অবৈধ বাংলাদেশি প্রবাসী রয়েছেন, যাদের বেশিরভাগই কাজ করতেন বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাগুলোতে।
করোনার কারণে ব্রিটেনজুড়ে লকডাউনে কর্মহীন তারা। এতে অনেকেই কষ্টে দিনযাপন করছেন। গত কয়েক বছর যাবত বেশ কয়েকটি সংগঠন অবৈধ অভিবাসীদের বৈধতার আহবান জানালেও, তা আমলে নেয়নি ব্রিটিশ সরকার।



