নিউজার্সিতে ৮ বাংলাদেশির মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে করোনা সংক্রমণের হার নিউইয়র্ককেও ছাড়িয়ে গেছে। বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে এ সপ্তাহেই লকডাউন শিথিল করার কথা ভাবছে স্টেট গভর্নর। তবে, সরকারের এ সিদ্ধান্ত করোনার বিস্তার বাড়াবে বলে আশংকা প্রবাসীদের।
যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের দিক থেকে দীর্ঘদিন ধরে শীর্ষস্থানে থাকা নিউইয়র্ককে এবার ছাড়িয়ে গেলো নিউজার্সি অঙ্গরাজ্য। মঙ্গলবার নিউইয়র্কে যেখানে ২৩০ জন মারা গেছেন, সেখানে নিউজার্সিতে মারা গেছেন ৩৩৪ জন। এই নিয়ে রাজ্যটিতে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৮ হাজার ২৪৪ জন। মঙ্গলবার একই দিনে আড়াই হাজারের বেশী নতুন রোগী শনাক্ত হয়েছেন।
নিউজার্সিতে বাংলাদেশিদের মধ্যেও ব্যাপকভাবে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তিন শতাধিক বাংলাদেশি আক্রান্ত হয়েছেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যটিতে ১ জন নারীসহ মোট ৮ জন বাংলাদেশি মারা গেছেন।
এ অবস্থায় রমজান উপলক্ষ্যে জনজীবনের দুর্ভোগ লাঘব করতে এবং স্থবির হয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে নিউজার্সির স্টেট গভর্নর লকডাউন শিথিল করা সহ স্টেটপার্কগুলো খুলে দেয়ার কথা ভাবছে। কিন্তু বাংলাদেশিরা এতে আতংকিত হয়ে পড়েছেন।
এদিকে প্যাটারসনের বাংলাদেশ ব্লু বার্ডের ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলার অনুমতি দেয়া হলেও ক্রেতা না থাকায় আশানুরুপ বেচাকেনা হচ্ছেনা। স্কুল কলেজ বন্ধ থাকায়, অনলাইনে ক্লাস শেষে ঘরেই সময় কাটাচ্ছে শিক্ষার্থীরা।
বাংলা টিভি/রাসেল



