
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, চলতি ছুটি শেষ হতে আরো কয়েক দিন লাগবে। বর্তমান পরিস্থিতিতে সাধারণ ছুটি না বাড়িয়ে উপায় নেই। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই আমরা তা চূড়ান্ত করবো। আশা করি বৃহস্পতিবারের মধ্যেই সাধারণ ছুটি ও ঈদের ছুটির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
তবে ঠিক কত দিন ঈদের ছুটি হবে তা নির্দিষ্টভাবে বলতে তিনি রাজি হননি তিনি। মঙ্গলবার বাংলা ট্রিবিউন দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি আরো বলেন, সরকার একবারে মাসব্যাপী ছুটি ঘোষণা করতে পারে না। তাই সাত দিন, ১০ দিন করে ছুটি ঘোষণা করা হচ্ছে।
এদিকে, এবার করোনার কারণে ঈদের ছুটি হতে পারে ২১ থেকে ৩০ মে পর্যন্ত। আসন্ন ঈদুল ফিতরে সব অফিস-আদালতে টানা ১০ দিন ছুটি দেওয়ার চিন্তা করছে সরকার। পূর্ব নির্ধারিত সরকারি দিনপঞ্জিতে ঈদের সম্ভাব্য তারিখ ধরা আছে ২৫ মে।
ঈদের আগে-পরের দুটি সাপ্তাহিক ছুটির চার দিন ও শবেকদরের এক দিনের ছুটি এর সঙ্গে যুক্ত থাকতে পারে। ফলে সাধারণ ছুটির মেয়াদ ঈদের ছুটির সঙ্গে মিলে ৩০ মে পর্যন্ত বাড়তে পারে বলে জনপ্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। করোনা মহামারির কারণে গত ২৬ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত টানা সাধারণ ছুটি চলছে।
এছাড়া শেষ দফা ছুটির মেয়াদ বাড়ানোর সময় সবাইকে নিজ নিজ অবস্থানে ঈদ করার নির্দেশনা দেওয়া হয়। প্রকারান্তরে ঈদ পর্যন্ত গণপরিবহন না খোলারও ইঙ্গিত দেওয়া হয়।



