বিশ্ববাংলা
জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন আমিরাতের অবৈধ প্রবাসীরা

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকারী অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়াই বাংলাদেশে ফিরতে পারবেন। গত বুধবার দেশটির রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এই ঘোষণা দেন।
তিনি জানান, আগামী ১৮ মে থেকে শুরু করে তিনমাস পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী অবৈধ প্রবাসীদেরকে বিনা জরিমানায় নিজ নিজ দেশে ফিরে যেতে দেয়া হবে। রাষ্ট্রপতি আরো জানান, গত ১ মার্চের পূর্বে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারাও আগামী ৩ মাসের মধ্যে আমিরাত ত্যাগের এই সুযোগ গ্রহণ করতে পারবেন।
রাষ্ট্রপতির এই আদেশটি বাংলাদেশিসহ সকল দেশের সকল নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। এই সুযোগ নিয়ে দেশে ফিরে গেলে পুনরায় বৈধ ভিসায় আমিরাতে ফিরে আসতে আর কোনো আইনি বাধা থাকবে না।



