
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন চিকিৎসকসহ অনেক স্বাস্থ্যকর্মী। করোনাযুদ্ধের এই যোদ্ধাদের বেশিরভাগই সুস্থ হয়ে আবার ফিরে আসছেন রোগীর সেবায়।
প্রথম সারির এই যোদ্ধাদের মধ্যে আজ কাজে যোগ দিচ্ছেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রায় ৪০ চিকিৎসক। এখানকার আরও অনেকেই এরইমধ্যে সুস্থ হয়ে কাজে ফিরেছেন।
এদিকে, করোনা চিকিৎসায় শুরু হলো প্লাজমা থেরাপির কার্যক্রম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিডজয়ী চিকিৎসকের দেহ থেকে প্লাজমা সংগ্রহ করা হয়েছে। শনিবার (১৬ মে) ঢামেকের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে এ কার্যক্রম শুরু হয়।
এ থেরাপির সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট মানে উত্তীর্ণ হলেই প্রথম ঢাকা মেডিকেলে করোনা রোগীদের দেহে প্রয়োগ করা হবে এ প্লাজমা। এই প্লাজমা থেরাপি ঠিকঠাক কার্যকর হলে উন্নত দেশগুলোর মতো বাংলাদেশের করোনা রোগীদের চিকিৎসায় এটি হবে নতুন দিগন্ত। এমনটা মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।



