
বিভাগভিত্তিকভাবে করোনাভাইরাসের সৃষ্ট পরিস্থিতি, আক্রান্ত, মৃত ও ত্রাণ বিষয়ক বিভিন্ন তথ্যসংগ্রহের কাজ গুছিয়ে আনা হয়েছে। এ সপ্তাহের মাঝামাঝি একদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সমস্ত তথ্য জানাবে বিএনপির করোনাভাইরাস পর্যবেক্ষণ বিশেষ সেল।
সেলের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে দলীয় পর্যবেক্ষণ তুলে ধরার প্রস্তুতি শেষ করে এনেছে জাতীয়তাবাদী দল বিএনপি।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন, ‘সারাদেশ থেকে আমাদের কাছে তথ্য আসছে। আমরা কয়েকটি স্তরে পরীক্ষা-নিরীক্ষা করে তথ্যগুলো তুলে ধরবো। আমরা চেষ্টা রয়েছে শুরু থেকে বিভাগওয়ারী তথ্য প্রকাশ করতে। আশা করি, এ সপ্তাহের যেকোনও দিন আমরা সংবাদমাধ্যমে বিষয়গুলো তুলে ধরবো।’
এর আগে, গত ৩ মে করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশেষ পরিস্থিতিতে ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেল’ গঠন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে উপদেষ্টা ও ইকবাল হাসান মাহমুদ টুকুকে এ কমিটির আহ্বায়ক করা হয়। এরপর ৭ মে সাংগঠনিক ১০ টি বিভাগে সেলের আরেকটি কমিটি করে বিএনপি।–সূত্র: বাংলা ট্রিবিউন



