করোনা: দেশজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৭৩ জনে। আক্রান্তদের মধ্যে ১ জন নগরীর কাজিপাড় এলাকার অন্যজন বাংলাবাজার রিফিউজি কলোনির বাসিন্দা।
খুলনায় এক চিকিৎসকসহ আরও ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে একজন খুলনা মহানগরীর বাসিন্দা। বাকিরা বাগেরহাট,নড়াইল ও সাতক্ষীরার বাসিন্দা। গতরাতে এ তথ্য নিশ্চিত করেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাক্তার মেহেদী নেওয়াজ।
ঝালকাঠির নলছিটি ও রাজাপুরে আরো ২ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এরমধ্যে ১ জন নারায়নগঞ্জ থেকে এসেছে অপরজন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স। এ নিয়ে জেলায় মোট ১৯ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার।
নড়াইল সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৩ বছর বয়সী বাঁধন ফকির নামে এক প্রতিবন্ধী শিশু মারা গেছে। ভোরে তার মৃত্যু হয়। বাঁধন ফকির সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মিলন ফকিরের ছেলে।



