ভারতে ২৬ বাংলাদেশি আটক

ভারতে লকডাউনে আটকে পড়ার পর ভিসার মেয়াদ শেষ হয়ে ২৬ জন বাংলাদেশি প্রবাসী পুলিশের হাতে আটক হয়েছেন। গত মঙ্গলবার বাংলাদেশ-ভারত বর্ডার ভিকটিম রেসকিউ লিগ্যাল ফোরামের আহবায়ক অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন একথা জানান।
বৈধ পাসপোর্ট ও তিনমাস মেয়াদী ট্যুরিস্ট ভিসায় ভারতে গিয়ে, লকডাউনে আটকা পড়েন ঐ ২৬জন বাংলাদেশি। দীর্ঘদিন ধরে লকডাউন অব্যাহত থাকায়, ভিসার মেয়াদ ফুরিয়ে তারা অবৈধ হয়ে পড়েন। যান চলাচল বন্ধ থাকায়, দেশে ফিরতে পারেননি। এমতাবস্থায় দেশটির পুলিশ তাদেরকে অবৈধভাবে ভারতে অবস্থানের দায়ে গ্রেফতার করে জেলহাজতে রেখেছে।
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ঐ প্রবাসীদের ভারতের আসাম রাজ্যের জোরহাট এলাকা থেকে গ্রেফতার করে, বর্তমানে আসামের ধুবড়ি জেলা কারাগারে আটক রাখা হয়েছে। তাদেরকে অবিলম্বে মুক্তি দিয়ে সসম্মানে দেশে ফিরিয়ে দেবার দাবি নিয়ে স্বজনদের পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংগঠন কাজ করে যাচ্ছে।



