ইতালিতে বৈধতা পেতে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

ইতালিতে বৈধতা পেতে যাচ্ছেন, বাংলাদেশিসহ প্রায় ৬ লাখ অবৈধ অভিবাসী। অনেক আলোচনার পর, ইতালিতে অবৈধ অধিবাসীদের বৈধতা দেয়ার ঘোষণা চূড়ান্তভাবে পাস হওয়ার ফলে, বাংলাদেশিসহ যেসকল অবৈধ অভিবাসী ইতালিতে বসবাস করছেন কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন তারা।
তবে, এবারের বৈধকরণ প্রক্রিয়া অন্য সকল বৈধকরণের চেয়ে একটু ভিন্ন। অন্যসময় ঢালাওভাবে বৈধতা দেওয়ার ঘোষণা দিলেও, এবার দুটি পদ্ধতিতে অভিবাসীরা এ বৈধতা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। প্রথম ক্যাটাগরি হল, বাসাবাড়ির কাজ এবং অন্যটি কৃষিকাজ। এর বাইরে এবছর সরকার অন্য কোনো ক্যাটাগরিতে বৈধতা দিচ্ছে না।
তবে শর্ত সাপেক্ষে এই দুই ক্যাটাগরির অবৈধদের কাগজপত্র ঠিক থাকলে বৈধ হতে পারবেন। নিয়মানুসারে যারা চলতি বছরের ৮ মার্চের আগে থেকে ইতালিতে কৃষিকাজ অথবা বয়স্কদের সেবাযত্নের কাজে নিয়োজিত ছিলেন, তারাই শুধুমাত্র বৈধ হবার সুযোগ পাচ্ছেন।
জানা গেছে, মহামারি করোনাভাইরাসের কারণে ১৫শ পাসপোর্ট রোম দূতাবাসে পেন্ডিং রয়েছে। বাংলাদেশে চলমান লকডাউনের কারনে, বিমান চলাচল বন্ধ থাকায় এ সমস্যাটা দেখা দিয়েছে। তবে, বিমান চলাচল স্বাভাবিক হলে সমস্যা সমাধান হয়ে যাবে। তাছাড়া এখনও বৈধতার গেজেট প্রকাশ না হওয়ায়, শর্তগুলো এখনও পুরোপুরি জানা যায়নি।



