বিশেষ ফ্লাইটে ২৩০ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন

সংযুক্ত আরব আমিরাত থেকে বিশেষ ফ্লাইটে ২৩০ প্রবাসী বাংলাদেশী দেশে ফিরেছেন। বৃহস্পতিবার আমিরাত এয়ারলাইন্সের ইকে-২৬৩২ ফ্লাইটটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান জানান, বিশেষ এই ফ্লাইটে ২১৩ জন শ্রমিকের পাশাপাশি কয়েকটি পরিবার ব্যবসায়ীসহ ১৭ জন অতিরিক্ত যাত্রী ছিলেন। শ্রমিকরা আমিরাতে কর্মহীন হয়ে দিন পার করছিলেন।
অন্যরা লকডাউনের কারণে আটকে ছিলেন দেশটিতে। ঐ ফ্লাইটের এক যাত্রী আমিরাতের রাস আল খাইমা প্রদেশের প্রবাসী একজন প্রকৌশলী জানান, মার্চের শেষ দিকে কোম্পানি থেকে ইস্তফা নেন তিনি। দেশে ফিরে নতুন কোম্পানিতে যোগ দেয়ার কথা থাকলেও, বিমান পরিসেবা বন্ধ হয়ে যাওয়ায়, আমিরাতে আটকা পড়ে যান। এরপর থেকে নিয়মিত কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ রাখলে, গত বুধবার বাংলাদেশ কনস্যুলেট তার দেশে ফেরার ব্যবস্থা করে।
তিনি আরও জানান, ফ্লাইটে থাকা শ্রমিকদের অধিকাংশই এমিরেটস এয়ারলাইন্সের শ্রমিক। এসব শ্রমিকের টিকিট খরচ কোম্পানি বহন করেছে। ফ্লাইট ঢাকায় পৌঁছুলে এয়ারপোর্টে স্বাস্থ্য পরীক্ষা ও সনদ বিতরণ শেষে, বিমানবন্দর কর্তৃপক্ষ সবাইকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে।
বাংলা টিভি/রাসেল



