ঘরোয়াভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

সংযুক্ত আরব আমিরাতে রোববার ঘরোয়াভাবে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। করোনা সংক্রমণ ঠেকাতে প্রবাসীরা স্বপরিবারে নিজ ঘরে ঈদের নামাজ আদায় করেছেন। প্রবাসীরা সবাইকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতে লকডাউন জারি থাকায় এবার মসজিদ এবং ঈদগাহগুলোতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়নি। বাইরে চলাচলের ওপরেও রয়েছে নিষেধাজ্ঞা। মসজিদগুলো থেকে নামাজের দশ মিনিট আগে তাকবীর ধ্বনি প্রচার করা হলেও, মসজিদে ঈদের নামাজের ওপরে ছিলো নিষেধাজ্ঞা।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস যাতে দ্রুত সংক্রমিত হতে না পারে, সেজন্য আমিরাতে জামাতে নামাজসহ যে কোনো ধরনের জনসমাগমের ওপর রয়েছে কড়া নিষেধাজ্ঞা। এরই প্রেক্ষিতে প্রবাসীরা ঈদের নামাজ নিজ নিজ ঘরে এবং বাসার ছাদে পরিবার-পরিজন এবং সহকর্মীদের সাথে আদায় করেছেন।
অন্যান্যবারের মতো নামাজ শেষে কোলাকুলির পরিবর্তে প্রবাসীরা মৌখিকভাবে, টেলিফোনে এবং অনলাইনে স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। একে অন্যের বাড়িতে বেড়াতে যাওয়া বা বাইরে ঘোরাফেরা না করে, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থানের পরামর্শ দিয়েছেন প্রবাসীরা। আবুধাবী থেকে বাংলাদেশ সমিতির প্রেসিডেন্ট প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন এবং একই শহরের চিকিৎসক মুসলিমা আক্তার প্রবাসীদের আহবান জানিয়ে বলেন, নিজেদের স্বার্থে, প্রতিবেশী এবং পরিবার পরিজনের স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে সতর্ক থাকতে হবে।
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের আক্রমণ থেকে মুক্তি পেয়ে শীগগিরই জনজীবনে স্বাভাবিকতা ফিরে আসবে, এমন প্রত্যাশা প্রবাসীসহ সকলের।



