সন্ধ্যায় বিশ্বনেতাদের ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

করোনায় বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি পুনর্গঠনে বিশ্বনেতাদের ভার্চুয়াল সম্মেলন আজ সন্ধ্যায়। সম্মেলনের উদ্যোক্তা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার সঙ্গে আছেন জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে এই ভার্চুয়াল ইভেন্টে যোগ দেবেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে।
করোনা প্রেক্ষাপটে একটি কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে Virtual High Level Event on “Financing for Development in the Era of COVID-19 and Beyond শীর্ষক এই সম্মেলন ডাকা হয়েছে। শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।সম্মেলন শেষ হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। বিশ্বের সব দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা এতে অংশ নেবেন বলে ইউএন ওয়েবসাইট জানিয়েছে।
এই আয়োজনের কারণ হিসেবে বলা হয়েছে, কোভিড ১৯ মহামারী সারাবিশ্বে সামাজিক ও অর্থনৈতিক সংকটের সূচনা করেছে। বিশ্ব যে অবস্থায় উপনীত হয়েছে, তাতে ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন ভীষণভাবে বাধাগ্রস্ত হবে।



