ঝুঁকি নিয়েই ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ

করোনা মহামারির মধ্যেও সাধারণ ছুটি না বাড়ায় সংক্রমণের ঝুঁকি নিয়েই রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সকাল থেকে রাজধানীর প্রবেশপথে চাপ বেড়েছে ব্যক্তিগত যানবাহনের। এদিকে, ঈদের পরে এখনও ঢাকা ছাড়ছে অনেকে। তবে অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি।
দীর্ঘ ২ মাসের বেশি সময় পর ৩১ মে থেকে বাড়ছে না সাধারণ ছুটি। সরকারের এমন ঘোষণার পর রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। গণপরিবহন বন্ধের মধ্যে ছোট যানবাহনে গাদাগাদি করে ঝুঁকি নিয়েই ঢাকায় ফিরছেন তারা।
সকাল থেকেই শহরের প্রবেশ পথে বেড়েছে যাত্রীদের চাপ। আবার ব্যক্তিগত গাড়ি নিয়েও স্বাস্থ্যবিধি না মেনেই রাজধানীতে ঢুকছেন অনেকে। নিরাপদ দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা নেই।
এদিকে, ঈদের কয়েকদিন পার হলেও রাজধানী ছাড়ছেন অনেকে। এ অবস্থায় সামাজিক দুরত্ব নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ৩১মে থেকে সীমিত পরিসরে গণপরিবহন চালু হলে, করোনার সংক্রমণে ঝুঁকি প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার বিকল্প নেই বলে মনে করছে সব মহল।



